শরৎকাল শেষ হওয়ার আগেই দেশের উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা অনুভূত হচ্ছে। দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও রাতে কমছে তাপমাত্রা। ভোরে দেখা মিলছে হালকা থেকে মাঝারি কুয়াশার।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে পঞ্চগড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত অনেক এলাকায় কুয়াশার চাদর দেখা যায়। রাতে অনেকেই কাঁথা জড়িয়ে ঘুমাচ্ছেন। ভোরে বাইরে বের হলে অনুভূত হচ্ছে হিমেল বাতাস।
তবে এখনো শীতের তীব্রতা শুরু হয়নি। দিনের বেলায় বেশ গরম থাকলেও সকাল ও রাতে আবহাওয়া তুলনামূলক ঠাণ্ডা। শীত পুরোপুরি নামার আগের এই সময়টিকে উপভোগ্য বলছেন স্থানীয়রা ও পর্যটকরা।
সকালবেলার কুয়াশা, শিশিরভেজা ঘাস, বিস্তীর্ণ ফসলের মাঠ, নীল আকাশ ও সীমান্তঘেঁষা নির্মল প্রকৃতি পঞ্চগড়কে এ সময়ে ভিন্ন রূপ দিয়েছে। মেঘমুক্ত আকাশে অনেক সময় হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার দৃশ্যও দেখা যায়।
শীত যত এগিয়ে আসবে, পঞ্চগড়ের প্রকৃতিতে তত পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। কুয়াশা আরও ঘন হবে এবং রাতের তাপমাত্রা আরও কমে যাবে। এরই মধ্যে শীতের আবহ উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা পঞ্চগড়ে আসতে শুরু করেছেন।
জেলায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
শহরের বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, শীতের এই সময়টি উপভোগ্য। সকালে নামাজের পর বাইরে ঘুরলে নির্মল হিমেল বাতাস ভালো লাগে।
ঢাকা থেকে আসা রবিউল ইসলাম বলেন, ঢাকার তুলনায় পঞ্চগড়ে রাতে বেশ ঠাণ্ডা। শীতের আমেজ উপভোগ করতেই তারা পঞ্চগড়ে এসেছেন।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে সকালে কুয়াশা পড়ছে। মনে হচ্ছে শীত চলে এসেছে। তবে দিনের বেলা এখনো প্রচণ্ড গরম রয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, শীত পঞ্চগড়ের প্রকৃতিতে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। এ সময়ে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলায় পর্যটকরাও শীত উপভোগ ও পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ছুটে আসছেন।
জেলা প্রশাসক জানান, জেলার পর্যটন এলাকাগুলোকে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয় করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।



