বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘গুপ্ত বাহিনী’ ও স্বৈরাচারী শক্তি আবারও একসঙ্গে হয়েছে। তাঁর দাবি, গত জাতীয় সংসদ নির্বাচনে ‘গুপ্ত বাহিনীর’ সঙ্গে পালিয়ে যাওয়া শক্তির তলে তলে যোগাযোগ হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজীতে সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘ওরা বরাবরই এক। স্বৈরাচার ও গুপ্ত আবার একসঙ্গে হয়েছে।’ তাঁর বক্তব্যে কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ না করে তিনি ‘গুপ্ত রাজনীতি’ ও ‘স্বৈরাচারী রাজনীতি’ করা শক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, এসব রাজনৈতিক শক্তি শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে এবং তাদের কোনো কর্মসূচি নেই বলে তিনি মনে করেন। অন্যদিকে বিএনপি কাজের মাধ্যমে জনগণের জন্য কাজ করার প্রমাণ দিয়েছে বলেও দাবি করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, কিছু মানুষ অরাজকতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি বলেন, কেউ একদফার কথা বলছে, আবার কেউ দেশের বাইরে চলে গেছে—জনগণের জন্য তাদের কী কর্মসূচি রয়েছে, সেই প্রশ্নও সামনে রাখা প্রয়োজন।
এর আগে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, অরাজকতার আশঙ্কা এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা উঠে আসে।



