গাজীপুরের ডেগির চালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে আগুন লেগেছে। শনিবার দুপুর ২টা ৪৪ মিনিটে ফকির মার্কেটের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পাওয়ার এক মিনিটের মধ্যে, দুপুর ২টা ৪৫ মিনিটে সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। পরে বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
আগুন নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের কার্যক্রম চলছে।



