বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে দিল্লিতে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে ঢাকার বর্তমান অবস্থান সম্পর্কে বার্তা দিতেই দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর।
এর আগে সোমবার রাতে বিমানে ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান তিনি। তবে তার এই সফর সম্পর্কে বাংলাদেশে ভারতের হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনেকদূর এগোলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
প্রসঙ্গত, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ইতিহাসে দীনেশ ত্রিবেদীকে ভারতের প্রথম রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত হিসেবে উল্লেখ করা হচ্ছে। তার নিয়োগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে চূড়ান্ত হওয়ায় দিল্লিতে গেলে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।



