অংশীদারিত্ব, স্থিতিশীলতা ও টেকসই অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে উভয় পক্ষ।
বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। সাক্ষাতে প্রতিমন্ত্রীকে সাম্প্রতিক দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান রাষ্ট্রদূত এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।
হুমায়ুন কবির বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা ও উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অংশীদারিত্বের পরিধি বাড়ানো এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন তারা।
রাষ্ট্রদূত রুডিগার লটজ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করা, বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতার বিষয়টি আলোচনায় আসে। বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে বলেও উল্লেখ করেন জার্মান রাষ্ট্রদূত।
বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে যে, অব্যাহত উচ্চপর্যায়ের যোগাযোগ ও সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশ-জার্মানির দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও গতিশীল হবে। জার্মান পক্ষ সাম্প্রতিক সময়েও বাংলাদেশে বাণিজ্য, শিক্ষা ও বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।



