খুলনার দৌলতপুরে বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় মহিদুল ইসলাম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মহিদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পেটের ডান পাশে গুলি লাগে। পরে গুলিটি শরীর ভেদ করে পেছন দিয়ে বের হয়ে যায়।
মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে। বর্তমানে তিনি খুলনা নগরীর উত্তর কাশিপুর এলাকায় থাকেন। একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন তিনি।
পুলিশ জানায়, ভোরে বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান মহিদুল। কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন ব্যক্তি তাকে ঘিরে ধরে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দৌলতপুর থানার ওসি মো. মোরাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



