অল ক্রাইমস.টিভি ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় কোদাল দিয়ে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর তিনি খালের পাড়ে একটি গাছও রোপণ করেন।
এই উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির কার্যক্রম শুরু হলো। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে দেশের ৫৩টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা কমানো, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে অনুষ্ঠানস্থলে যান।



