অল ক্রাইমস.টিভি ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশের মানুষের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। জনগণ পাশে থাকলে যেকোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলার কাহারোলি উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-র রাজনীতি। বর্তমানে কেউ মাসে ৫ হাজার টাকা আয় করলে সেটি আগামী কয়েক বছরের মধ্যে ১০ হাজার টাকায় উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি জানান, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন সম্পন্ন হলে প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন এবং প্রায় ১২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে। এতে বছরে প্রায় ৬০ হাজার মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ খালটির পানি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।
তারেক রহমান বলেন, দেশের অনেক খাল ও নদী ভরাট হয়ে যাওয়ায় বর্ষার পানি কাজে লাগানো যাচ্ছে না। এসব খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোই সরকারের লক্ষ্য।



