চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনলের সটাকি লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে। অস্ত্রটি উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে সটাকি লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। চাঁদপুর সদর নৌ-পুলিশের ইনচার্জ আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান চলাকালে নৌ-পুলিশের স্পিডবোটটি ডুবে যায়। এ সময় পুলিশের একটি শটগান নিখোঁজ হয়।
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, নদীতে ডুবে যাওয়া স্পিডবোটটি উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শটগানটি উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।
এদিকে, মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন এলাকায় ১৪টি মামলায় ২৮ জন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ।
গ্রেপ্তার জেলেদের মধ্যে চাঁদপুর সদর নৌ-পুলিশের অভিযানে ১৪ জন এবং মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ জন রয়েছেন। বাকি চারজনকে অন্যান্য নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে জেলেদের কাছ থেকে নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে, অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশের প্রজনন রক্ষায় নদীতে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।



