কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে কুমিল্লা জেলার ১৮টি থানায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা যাচাই-বাছাই করছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে জেলার ১৮টি থানার পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং ডিবি পুলিশ অংশ নেয়। কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে বলে চিহ্নিত বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় আনা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, অভিযানে আটক ব্যক্তিরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং কিশোর অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।



