এসএসসি, এইচএসসি ও সমমানের পাবলিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুত পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এশিয়া পোস্টকে এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
ফল প্রকাশের পর দুই মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার আয়োজন করা হবে বলে জানান তিনি।
সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এ বিষয়ে শিক্ষা বোর্ডে বৈঠক হয়েছে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকেও তাঁদের পরিকল্পনার কথা জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি রয়েছে।
এর আগে গত শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে পাবলিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার প্রয়োজন কমতে পারে। তবে পুনঃপরীক্ষার চূড়ান্ত সময়সূচি, নিয়মাবলি ও বাস্তবায়নপদ্ধতি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।



