অল ক্রাইমস. টিভি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি উল্লেখ করেন, মানুষের দোয়া, ভালোবাসা ও গঠনমূলক পরামর্শই তার রাজনৈতিক ও ব্যক্তিগত পথচলার প্রধান শক্তি।
বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড ঘিরে আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে এই বার্তা দেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, গত কয়েকদিনে তিনি বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-সাংসদ এবং তার প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। এসব আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা পেয়েছেন, যা তার ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, সবার কাছ থেকেই তিনি যে বার্তাটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে গ্রহণ করেছেন তা হলো—ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় ও উত্তেজনাপূর্ণ বক্তব্য থেকে দূরে থাকা এবং গঠনমূলক ও ইতিবাচক আলোচনায় মনোযোগ দেওয়া। তিনি আরও বলেন, এই পরামর্শগুলো তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন এবং ভবিষ্যতে আরও শান্ত, সংযত ও দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করবেন।
নিজের রাজনৈতিক লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য তিনি নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান। মানুষের কল্যাণ এবং একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন।
এনসিপির এই নেতা আরও জানান, সম্প্রতি ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তিনি এক ধরনের আত্মিক যাত্রার সূচনা করেছেন। এই ইবাদতের মাধ্যমে তিনি আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তি অর্জনের চেষ্টা করছেন বলে জানান।
শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন এবং সঠিক পথে পরিচালিত করেন। একই সঙ্গে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে তিনি আরও ইতিবাচকভাবে দেশের জন্য কাজ করে যেতে পারেন।



