কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল ও এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। পরে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি ডিউটি পার্টি সিএনজিচালিত অটোরিকশায় রাতের দায়িত্ব পালন করছিল। এ সময় তারা শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ডিউটি পার্টির কনস্টেবল রোহিত দেওয়ান তাঁর পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকেরা ওই কনস্টেবলকে আটক করেন।
পরে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাঁকে ছাড়িয়ে আনতে গেলে তাঁকেও আটক করা হয়। এরপর ঘটনাস্থলে বিএসএফ সদস্যদের ডাকা হয়। পরে আটক দুই পুলিশ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানান, মাদক কারবারিকে ধরতে গেলে এ ঘটনা ঘটে। বিএসএফের সঙ্গে কথা হয়েছে এবং আটক দুই পুলিশ সদস্যকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।



