নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে বলে জানা গেছে।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, আলিফ ফকির দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির সামনের একটি দোকানে গেলে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখের আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় আলিফ ফকিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।



