সৌদি আরবের চার অঞ্চলের বিভিন্ন এলাকায় তীব্র বজ্রপাত, ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জিজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে শিলাবৃষ্টি ও শক্তিশালী দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব কারণে ধূলিঝড় ও বালুঝড়ও সৃষ্টি হতে পারে।
এনসিএমের পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বর্ষণের কারণে চার অঞ্চলের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে। এ ছাড়া জিজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে পারে। এতে সড়কসহ বিভিন্ন স্থানে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সৌদি আরবের বিভিন্ন শহরে দিনের তাপমাত্রা বেশি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। মক্কায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। জেদ্দা ও জিজানে তাপমাত্রা ৩৬ ডিগ্রি, হায়েলে ৩৩ ডিগ্রি এবং আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস রয়েছে। তাবুকে তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় তুলনামূলক কম তাপমাত্রা থাকতে পারে। আবহায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং আল-বাহায় ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আবহা, আল-বাহা ও জিজানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। জেদ্দা ও দাম্মামে তা ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ পর্যন্ত থাকতে পারে।
এ ছাড়া তাবুক, আরার ও সাকাকায় আপেক্ষিক আর্দ্রতা ৭০ শতাংশ, মদিনা ও হায়েলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহতে ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।



