ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করলে ওয়াশিংটন ও মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের ‘বিপুল ক্ষতির’ মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি কেতাবচি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের ইরানে হামলা চালানোর সাহস করা উচিত নয়। তবে এমন হামলা হলে এর পরিণতি যুক্তরাষ্ট্রসহ পুরো অঞ্চলকে ভোগ করতে হবে।
রোববার (১৮ অক্টোবর) ইরানের পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আখলাঘি। তিনি বলেন, ‘মানুষ নিশ্চিন্ত থাকতে পারে, সম্ভবত তারা আমাদের ওপর হামলা চালানোর সাহস করবে না। যদি তারা (যুক্তরাষ্ট্র) হামলা চালায়, তাহলে তাদের নিজেদের এবং পুরো অঞ্চলকে বিপুল ক্ষতির মুখে পড়তে হবে।’
এর আগে ইরানের পার্লামেন্টের সদস্যরা নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আখলাঘির নিয়োগ অনুমোদন করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি তাঁর পূর্বসূরি আজিজ নাসিরজাদেহ নিহত হওয়ার প্রায় আট মাস পর এ নিয়োগ দেওয়া হলো। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের সদস্যরা প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর রসদ ব্যবস্থাপনার দায়িত্বে আখলাঘির নিয়োগের পক্ষে ভোট দিয়েছেন। দেশটির সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মোট ২৭৭টি ভোটের মধ্যে ২৩৭টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।
আখলাঘির আগে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন আজিজ নাসিরজাদেহ। তাঁর মৃত্যুর পর অন্তর্বর্তী দায়িত্ব পালন করেন মাজিদ ইবন আল-রেজা। নতুন নিয়োগের মধ্য দিয়ে আখলাঘি এখন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন।
পার্লামেন্টে ভোটের আগে আখলাঘি বলেন, দেশের সংবেদনশীল পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হলে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। সম্ভাব্য ঘটনাপ্রবাহের পেছনের যুক্তি বোঝা, প্রভাব বিস্তারকারী প্রবণতা শনাক্ত করা এবং বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপরও গুরুত্ব দেন তিনি।
সামরিক পদমর্যাদা না থাকলেও দীর্ঘ ৪২ বছর ধরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করেছেন আখলাঘি। ২০১৩ সাল থেকে তিনি দেশটির রাষ্ট্রীয় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ইরানিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বেও ছিলেন।
আখলাঘি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। জাতিসংঘ ২০০৭ সালে তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রকে দেওয়া তাঁর হুঁশিয়ারি এমন এক সময়ে এল, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।



