অল ক্রাইমস.টিভি ডেস্ক
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দক্ষিণ ইসরাইলের ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে পূর্বের হামলার জবাব হিসেবে দাবি করা হচ্ছে।
ইরানের পরমাণু শক্তি সংস্থা জানায়, শনিবার সকালে নাতাঞ্জ সমৃদ্ধকরণ কমপ্লেক্সে হামলা হয়, তবে সেখানে তেজস্ক্রিয় পদার্থের কোনো লিকেজ হয়নি।
ইসরাইলি সেনাবাহিনী ডিমোনার একটি পারমাণবিক গবেষণা-সংশ্লিষ্ট স্থাপনায় আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যমের মতে, এতে অন্তত ৩৯ জন আহত হয়েছেন।
ডিমোনা শহরের কাছে অবস্থিত শিমন পেরেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার দীর্ঘদিন ধরে ইসরাইলের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হয়।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক বিকিরণের তথ্য পায়নি। সংস্থাটি উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।



