খুলনার লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জামায়াতে ইসলামীর একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় আব্দুল খালেক মন্ডল (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বাসে থাকা কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
জানা যায়, খুলনা থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শেষে সাতক্ষীরায় ফিরছিল বাসটি। বাসটি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের জামায়াতে ইসলামীর ৪ নম্বর ঘোনা ইউনিয়নের একটি ওয়ার্ডের বলে জানা গেছে। পথে কুমিরা চারা বটতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় সড়কে থাকা পথচারী আব্দুল খালেক মন্ডল নিহত হন। বাসে থাকা কয়েকজন যাত্রীও আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, খুলনা থেকে সাতক্ষীরায় ফেরার পথে লংমার্চের একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে একজন পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন।



