ইসরায়েলে ইহুদি ও আরব রাজনৈতিক দলগুলোর অংশীদারত্বে সরকার গঠনের দাবিতে তেল আবিবে প্রায় ২ হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
বিক্ষোভকারীরা হাবিমা স্কয়ার থেকে মিছিল শুরু করে ইবন গাবিরোল সড়ক হয়ে রাবিন স্কয়ারে পৌঁছান। সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা ড্রাম বাজিয়ে মিছিল করেন। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘পরিবর্তনের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে’ এবং ‘সবার জন্য সমতা’।
এ সময় বিক্ষোভকারীরা হিব্রু ভাষায় স্লোগান দেন, ‘অংশীদারত্ব ও সমতার মাধ্যমে আমরা বর্তমান সরকার পরিবর্তন করব।’ মিছিলের অন্য অংশে অংশ নেওয়া ব্যক্তিরা আরবি ভাষায় ‘শান্তি, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার’ স্লোগান দেন। এর আগে জেরুজালেমের প্যারিস স্কয়ারেও তুলনামূলক ছোট পরিসরে বিক্ষোভ হয়।
ইসরায়েলের ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুবিরোধী দলগুলো মোট ৬৭টি আসন পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে জায়নবাদী নেতানিয়াহুবিরোধী দলগুলোর আসন ৪৮টি। বাকি ১৯টি আসন পেয়েছে দুটি আরব দল।
একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী শিবিরের সম্ভাব্য প্রধানমন্ত্রী আইজেনকোটের সরকার গঠনের প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে। অন্যদিকে বিদায়ী জোট ৫৩টি আসন পেলেও নেতানিয়াহুর পক্ষেও সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন সম্ভব হচ্ছে না। ফলে নতুন সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



