চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত ওয়াকিল হোসেন ওরফে বিহারি বগাসহ চারজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কিশোর হৃদয় হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। একই মামলায় পুলিশের করা রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি আটজনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত অন্য তিনজন হলেন বগার ভাই রকি হোসেন পিচ্ছি, কালা হাসান ও মনির হোসেন ইমন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মামলার তদন্ত কর্মকর্তা মোট ১২ জনের প্রত্যেকের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত বগাসহ চারজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি আটজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে বগার অনুসারী হিসেবে পরিচিত ‘সেভেন স্টার’ ও ‘ফাইভ স্টার’ নামের দুটি কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে হৃদয় নামে এক কিশোর নিহত হয়। ওই ঘটনায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হলে তাঁদের স্বীকারোক্তিতে বগার নাম আসে বলে জানিয়েছে পুলিশ। পরে তদন্তের ভিত্তিতে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
এর আগে গত ৬ অক্টোবর বগা ও তাঁর ৩৬ অনুসারীর বিরুদ্ধে প্লট দখল, অবৈধ চাঁদাবাজি, মারধর ও অপহরণের অভিযোগে আরেকটি মামলা করা হয়। ওই মামলায় বাদীর সঙ্গে ঘটে যাওয়া পাঁচটি পৃথক ঘটনার উল্লেখ রয়েছে। মামলাটিতে বগাকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত।
গত ৮ অক্টোবর বগা নগর ভবনে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনারের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালাতে গেলে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে।
পরে গত ১৭ অক্টোবর একটি চাঁদাবাজি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বগা। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ আগস্টের আগে বগার বিরুদ্ধে ১৮টি মামলা ছিল। পরবর্তী সময়ে পাহাড়তলী কলেজের শিক্ষককে নির্যাতন, ডিসি পরিবহন পুলের প্লটসহ ১২টি প্লট দখল, পুলিশের গাড়িতে হামলা ও চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা করা হয়েছে।



