রাজধানীর বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে আগুনে দগ্ধ হওয়া কেইস্টিন ভার বুনাগ (৩২) নামে ফিলিপাইনের এক নাগরিক মারা গেছেন। সোমবার (২ নভেম্বর) ভোর ৩টা ২০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনে ওই নারীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত বুধবার (২৮ অক্টোবর) সকালে বনানীর ৭ নম্বর সড়কের একটি বাসায় রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বনানীর ওই ভবনের পরিচালনার দায়িত্বে থাকা আল আমিন জানান, কেইস্টিন ভার বুনাগ গত ১৫ অক্টোবর পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন। জাপানের এক নাগরিকের সঙ্গে দুই মাসের জন্য বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি।
আল আমিন আরও জানান, বুধবার সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে আগুনে দগ্ধ হন ওই নারী। ঘটনার সময় জাপানি নাগরিক বাসায় ছিলেন না।



