সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থেকে গঠনমূলক ভূমিকা পালনের জন্য অনলাইন গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে অনলাইন গণমাধ্যমের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করছে সরকার বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, অনলাইন গণমাধ্যমগুলোকে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদ প্রতিরোধে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। সমাজে এসবের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও অনলাইন গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সভায় অনলাইন গণমাধ্যমের জন্য একটি পৃথক নীতিমালা প্রণয়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে এ ধরনের কোনো নীতিমালা করা হলে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার যেকোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দেবে।
অনলাইন গণমাধ্যমের কার্যক্রম, নীতিমালা এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে আয়োজিত এ মতবিনিময় সভায় অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় অনলাইন গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল ভূমিকা এবং ভবিষ্যৎ নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসে।



