পরীক্ষামূলক সংস্করণ

ইরানে হামলার জবাবে বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় আঘাতের দাবি আইআরজিসির

ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক হামলার কয়েক ঘণ্টার মধ্যে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আর্লি-ওয়ার্নিং রাডার স্থাপনায় হামলার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে তারা বাহরাইনে মার্কিন সামরিক রাডার স্থাপনাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে রাডারটি ধ্বংস হওয়ার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স ও আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সরকারি সূত্রের বরাতে জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর সিরিকে ‘শত্রুপক্ষের’ সামরিক হামলা চালানো হয়। এ সময় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঘটনার পর প্রাথমিকভাবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে হরমুজ প্রণালিতে সামুদ্রিক আইন লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্য করে ইরানি বাহিনীর সতর্কতামূলক গুলিবর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ইরনা সরকারি সূত্রের বরাতে জানায়, বিস্ফোরণের ঘটনা সতর্কতামূলক গুলিবর্ষণের কারণে নয়; বরং এটি ছিল সিরিকে চালানো সামরিক হামলা।

পরে আইআরজিসি জানায়, সিরিক কাউন্টির একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলা চালানো হয়েছিল। এই হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি

সিরিকের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আর্লি-ওয়ার্নিং রাডার স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে।

আইআরজিসির দাবি, হামলায় রাডার স্থাপনাটি ধ্বংস হয়েছে। তবে এ দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি হামলাটিকে ‘আগ্রাসী শত্রুর’ প্রতি কঠোর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও তেল চোরাচালান বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসন পুনরায় ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স সীমাহীন সংঘাতে জড়ানোর জন্য প্রস্তুত রয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুর পর উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি এই প্রথম করল ইরান।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। তবে সিরিকে হামলা এবং বাহরাইনে রাডার স্থাপনায় হামলার দাবি নিয়ে শুক্রবার পর্যন্ত ওয়াশিংটন বা মানামার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের মধ্যে নতুন করে এই উত্তেজনা দেখা দিল। কয়েক মাস ধরে চলা সংঘাতের পর সম্প্রতি পরিস্থিতিতে কিছুটা স্থবিরতা বিরাজ করছিল। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েও দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে।

এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারেও।

রয়টার্সের ১২ নভেম্বরের বাজার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দিন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ০৬ ডলার বা ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৮২ ডলারে দাঁড়ায়। একই দিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ২১ ডলার বা ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৭৪ ডলারে স্থির হয়।

তবে তেলের দাম বৃদ্ধির পেছনে শুধু সিরিক ও বাহরাইনের ঘটনাকে দায়ী করার সুযোগ নেই। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাসহ একাধিক ভূরাজনৈতিক কারণ বাজারে প্রভাব ফেলেছে।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...