গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা। একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। পরে দুই কারখানার শ্রমিকরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছোটাছুটি করে সড়ক ছেড়ে চলে যান। পরে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।



