পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্কুল-কলেজে নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ, মাতৃভাষার বাইরে আরও একটি ভাষা শেখা এবং পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।’ তিনি জানান, সরকার দেশের স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতেও অংশ নিতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এসব ভাষার মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশ সংরক্ষণ এবং প্রাণীদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের প্রতি সবাইকে দায়িত্বশীল হতে হবে। বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেওয়ার পরামর্শ দেন।

তারেক রহমান বলেন, বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। পরিবেশ ভালো হলে এর সুফল সবাই পাবে। মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ায় প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসেন। এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।

সব মিলিয়ে ৬৭ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তাঁরা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...