বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরীর ভোগরা ও চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে তাঁরা মহাসড়কে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রমিকেরা বাসা থেকে বের হয়ে নিজ নিজ কারখানায় যান। তবে কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে তাঁরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। পরে ভোগরা, চান্দনা চৌরাস্তা ও তিনসড়ক এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কিছু এলাকায় শ্রমিকেরা মহাসড়কে নেমেছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।



