দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী সফরে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত জাতীয় প্রতিযোগিতা, পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে তাঁর অবতরণের কথা রয়েছে।
সেখানে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।
কর্মসূচির পর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। পরে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



