যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় চালকসহ দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে চালক রাজিব (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন এবং চালকের সহকারী হৃদয় (৪০) ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন।
আহত চালক রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর (তৃপ্তিপুর) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। চালকের সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে।
আহত ব্যক্তিদের ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী কাভার্ড ভ্যানটি হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি কলাবাগান থেকে ৪-৫ জন ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এর মধ্যে একটি বোমা গাড়ির বডিতে আঘাত করে। অন্যটি খোলা জানালা দিয়ে গাড়ির ভেতরে ঢুকে চালকের পাশে বিস্ফোরিত হয়। এতে গাড়িতে আগুন ধরে যায়।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে। খবর পেয়ে চাঁনপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে। তাঁর অবস্থা কিছুটা গুরুতর। অন্যদিকে, ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের হাত ও মুখ কেটে গেছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।



