ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে এ বিস্ফোরণ ঘটে।
আটক ব্যক্তিরা হলেন আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খান (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মো. মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) ও শিখন হোসেন (১৭)। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং বিস্ফোরণের ঘটনায় তাদের ভূমিকা তদন্তাধীন।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ জানান, শিক্ষার্থীদের আটক করা ছয়জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করবে। আটক ব্যক্তিদের কাছ থেকে বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বস্তু উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি।
উপাধ্যক্ষ আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রয়েছেন। কয়েকজন ২০২৬ সালে উচ্চমাধ্যমিক পাস করেছেন। আটক শিখন নামে এক ব্যক্তিকে এর আগে বিজয়-২৪ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে আগের একটি ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
কলেজ প্রশাসন জানিয়েছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় কারও সংশ্লিষ্টতা তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, শুক্রবার রাতে ঢাকা কলেজে বিকট শব্দে বিস্ফোরণের পর হলের শিক্ষার্থীরা কয়েকজন সন্দেহভাজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



