ইন্দোনেশিয়ার পশ্চিম জাকার্তার কাছে বান্তেন প্রদেশের সেরাং জেলার একটি মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার (২২ নভেম্বর) পর্যন্ত ৩৯ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। আগুনে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সিকান্দে এলাকার ফনুসা আগুং মুলিয়া (Fonusa Agung Mulia) কারখানায় আগুন লাগে। কারখানাটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
স্থানীয় উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা রিজকি দ্বিয়ানতো এক বিবৃতিতে বলেন, ‘এখন পর্যন্ত ৩৯ জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।’ তিনি জানান, অগ্নিকাণ্ডে আরও চারজন আহত হয়েছেন।
আগুনে কারখানার একটি ভবনের বড় অংশ পুড়ে গেছে। রাতের দিকে কারখানার ছাদ ও ভবনের কিছু অংশ ধসে পড়ার খবর পাওয়া যায়। রোববার সকালেও ঘটনাস্থলে ধোঁয়া দেখা গেছে এবং উদ্ধারকাজ চলছিল।
নিখোঁজ ব্যক্তিদের অবস্থান শনাক্ত করতে উদ্ধারকর্মীরা কারখানার ভেতরে তল্লাশি চালাচ্ছেন। আগুনের কারণে ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুন লাগার পর কারখানার ৪২ কর্মীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না বলে পুলিশ জানিয়েছিল। পরে সেরাং জেলার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, ১৬ কর্মীকে নিরাপদে পাওয়া গেছে। তাঁদের মধ্যে তিনজন চিকিৎসা নিয়েছেন এবং অন্যরা বাড়ি ফিরে গেছেন। বাকি কর্মীদের অবস্থান যাচাই করা হচ্ছিল।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। উদ্ধার ও যাচাই অভিযান অব্যাহত রয়েছে।



