পরীক্ষামূলক সংস্করণ

এসআরবির পৃথক অভিযান: ৮ কেজি হেরোইন ও দুটি বিদেশি পিস্তল উদ্ধার

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে রাজশাহী মহানগরীর একটি ভাড়া বাসা থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। এসব ঘটনায় চারজনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহীতে এসআরবি-৫-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।

তিনি জানান, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানটি চালানো হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন রাজনগর হাটপাড়া এলাকায়। এসআরবির একটি যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আহসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করে।

পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট নগদ ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পিস্তল দুটির গায়ে ‘মেড ইন ইউএসএ’ লেখা ছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অস্ত্র কেনাবেচার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি ও গুরুতর জখমের মামলা রয়েছে। অন্যদিকে, আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল থানায় জাল টাকা-সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

অন্যদিকে, একই রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-৫-এর গোয়েন্দা দল। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ময়না বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়।

পরে তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানিয়েছে এসআরবি।

বাহিনীটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ময়না বেগম ও শাহাদাত হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া দুজনের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে গত ছয় মাসে এসআরবি-৫-এর অভিযানের সাফল্যের তথ্যও তুলে ধরা হয়। বাহিনীটির দাবি, এ সময়ে ১৭টি আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে বলে জানায় এসআরবি-৫।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ শনাক্ত ও প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।

প্রধান খবর

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। সোমবার দুপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠক শুরু হয়।

আসছে...