কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ মতবিনিময় শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। দুপুরে তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হয়।
বৈঠকে আরও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ওই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ বিষয়ে সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন বিরোধীদলীয় নেতা।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছেন। এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক সেই ধারাবাহিকতার অংশ।



