কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও পলাতক আসামিদের যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার উপস্থিতি নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রোববার (২২ নভেম্বর) দুপুর থেকে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সীমান্ত এলাকায় সার্চলাইট দিয়ে নজরদারি চালানো হচ্ছে। বেনাপোল চেকপোস্ট এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। কাঁটাতারের বেড়া নেই—এমন এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে। রোববার সন্ধ্যায় বিজিবির একটি টহল দল বেনাপোল সীমান্ত এলাকায় টহল দেয়।
সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, “আমরাও শুনেছি, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা ভারতের পেট্রাপোলে ঘোরাফেরা করছে। ফেরারি আসামিদের সীমান্তে রুখে দিতে আমাদের আগে থেকেই নজরদারি ও নিরাপত্তা জোরদার ছিল। রোববার দুপুরের পর থেকে সেটা আরও বাড়ানো হয়েছে।”
সীমান্তের অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা সীমান্তে অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা সঠিকভাবে বিজিবিকে জানানোর আহ্বান জানান।
এর আগে রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।


