ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্ল্যা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকার ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নারীর বয়স আনুমানিক ২৩ বছর বলে জানিয়েছে পুলিশ।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার সন্ধ্যার পর থেকে সোমবার সকাল ৭টার আগের কোনো একসময় অন্য স্থান থেকে মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে।
তিনি জানান, নারীর নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। শরীরের বিভিন্ন স্থানে কাটার দাগ রয়েছে। এ ছাড়া পায়ে কয়েকটি ফোস্কা দেখা গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মহাসড়কের পাশে মরদেহ ফেলে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আলমগীর কবির আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এখন পর্যন্ত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের কোনো স্বজন বা দাবিদার পাওয়া না গেলে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করবে বলে জানিয়েছেন ওসি।



