চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় একজন ভারতীয় নাগরিক ও তিনজন বাংলাদেশিসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বেনীপুর সীমান্তের বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।
আটক ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আটক বাংলাদেশি দুই পুরুষের পরিচয় জানা গেছে। তারা হলেন নড়াইল জেলা সদরের দেবীপুর গ্রামের কালিপদ সরকারের ছেলে সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪)।
আটক ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাঁকড়া গ্রামের শরিফুল মীরের ছেলে রাহুল মীর (২১)। আটক বাংলাদেশি নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের ৬১/৬-এস পিলার থেকে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালান।
এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে একজন ভারতীয় নাগরিক ও তিনজন বাংলাদেশিকে আটক করা হয়।
মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।



