মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি গ্রামে পূর্বশত্রুতার জেরে স্বামীকে না পেয়ে তার স্ত্রী শিমু বেগমকে (৪৫) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাগর খন্দকার (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত শিমু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত শিমু বেগম মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি গ্রামের আলম পীরের স্ত্রী। অভিযুক্ত সাগর খন্দকার একই এলাকার বুইদা ওরফে বদর উদ্দীনের ছেলে।
নিহতের স্বামী আলম পীরের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে বাড়ি ফেরার পথে তার স্ত্রীর ওপর অতর্কিত হামলা চালান সাগর। এ সময় ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপালে শিমুর ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় শিমুকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর), পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলম পীর আরও অভিযোগ করেন, এর আগেও সাগর তার ওপর হামলা চালিয়েছিলেন। মাদক মামলায় সাগরের গ্রেপ্তারের পেছনে তিনি জড়িত বলে সন্দেহ করতেন অভিযুক্ত। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর ওই ঘটনার প্রতিশোধ নিতেই সাগর তার স্ত্রীর ওপর হামলা চালান বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জুলুস পাঠান বলেন, সাগর এর আগে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। নিহতের স্বামীকে ওই গ্রেপ্তারের পেছনে দায়ী সন্দেহ করে জামিনে বেরিয়ে তার স্ত্রীর ওপর হামলা চালিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তিনি জানান, এখন পর্যন্ত নিহতের স্বজনদের কেউ থানায় অভিযোগ করেননি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



