পরীক্ষামূলক সংস্করণ

ঈশ্বরদীতে গুলির ঘটনার পর জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা, পুড়ল ৮ মোটরসাইকেল

পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার পর জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টার মধ্যে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে সোমবার বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকেরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মুখোশধারী একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালিয়ে গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রের দাবি, পদ্মা নদীর বালুমহাল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। ওই বিরোধের জেরেই সোমবার বিকেলে গোলাগুলি ও রাতে বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

গুলির ঘটনার পর রাতে একদল লোক সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, জামায়াতের কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে বাড়িগুলোতে থাকা অন্তত আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে স্লোগান দিতে–দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। অত্যন্ত চতুরতার সঙ্গে বর্বরোচিত ও ন্যক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

তবে জাকারিয়া পিন্টুর সমর্থকেরা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তারা আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। তাদের দাবি, পদ্মার বালু ব্যবসা নিয়ে বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে এবং জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।

বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি ঢাকায় আছি। ঘটনার কিছুই জানি না। অকারণে আমার লোকজনকে দোষারোপ করা হচ্ছে। ঘটনা যত দূর জেনেছি, পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয়দের বিরোধ চলছিল। এর জেরেই গুলি ও রাতে কয়েকটি বাড়িতে হামলা হয়েছে। এখানে জামায়াতের কোনো বিষয় নেই। জামায়াতের কারও বাড়িতে হামলা হয়েছে বলেও আমার জানা নেই।’

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, যুবদল ও বিএনপির লোকজন জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছে। উল্টো পুলিশ বিএনপির লোকজনকে সুরক্ষা দিয়েছে। হামলা ও অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে।

অন্যদিকে, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও ঈশ্বরদীর বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়; পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরেই এসব ঘটেছে। একটি পক্ষ ঘটনাটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে বলে তারা প্রত্যাশা করছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান মঙ্গলবার বেলা ১১টার দিকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও জানান, গুলির ঘটনা ও অগ্নিসংযোগের ঘটনা—দুটিই পুলিশ তদন্ত করছে।

প্রধান খবর

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

আসছে...