পরীক্ষামূলক সংস্করণ

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে গভীর রাতে বুলডোজার দিয়ে একটি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় এক বেকারি মালিককে কুপিয়ে আহত করা এবং ঘর থেকে নগদ টাকা লুটের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৯ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বর্ণকার শাহীন ও তার লোকজনকে দায়ী করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে ৭০ থেকে ৮০ জনের একটি দল বুলডোজার নিয়ে ওই বাড়িতে আসে। পরে বুলডোজার দিয়ে টিনশেড বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুরের পর বাড়ির ইট, টিন, কাঠ, আসবাব ও গৃহস্থালি সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

ভুক্তভোগী জয়নাল মিয়ার মা জহুরা অভিযোগ করে বলেন, রাতে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তার মনে হয়, ভূমিকম্প হচ্ছে। বাইরে বের হয়ে তিনি কয়েকজনকে ছুরি ও রামদাসহ রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় বেকু দিয়ে তাদের ঘর ভাঙা হচ্ছিল।

জহুরা বলেন, “আমাদেরকে ঘুমের মধ্যে ঘরহীন করল স্বর্ণকার শাহীন ও তার লোকজন।” এ ঘটনায় তারা আতঙ্কিত বলেও জানান তিনি।

হিরাঝিল আবাসিক এলাকার সমাজকল্যাণ সমিতির সভাপতি আলহাজ আব্দুল মতিন বলেন, প্রায় ৭০ থেকে ৮০ জনের একটি দল রাতের আঁধারে এলাকায় এসে বুলডোজার দিয়ে বসতবাড়ি ভেঙে দেয়। ভুক্তভোগী পরিবার প্রায় ৩০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছে। এমন ঘটনা আগে কখনো দেখেননি বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা রাব্বি অভিযোগ করেন, হামলার সময় বেকারি মালিক জুবায়েরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ছাড়া তার ঘরে থাকা নগদ টাকাও নিয়ে গেছে হামলাকারীরা।

তবে জমির ওয়ারিশ মো. আব্দুল আজিম বলেন, প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী ওয়ারিশ সূত্রে তারা সাত শতাংশ জমির বৈধ মালিক। জমির মালিকানা নিয়ে হাইকোর্টেও তাদের পক্ষে রায় রয়েছে বলে দাবি করেন তিনি।

আব্দুল আজিমের ভাষ্য, আদালতের রায় ও বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা জমির দখল বুঝে নিতে পারছেন না। জমিতে যেতে চাইলে বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং মারধরের হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, সম্প্রতি বসতবাড়িতে কে বা কারা ভাঙচুর করেছে, সে বিষয়ে তারা কিছু জানেন না। একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে ঘটনার দায় তাদের ওপর চাপানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার সঙ্গে তারা জড়িত নন বলেও জানান আব্দুল আজিম।

সরকারের কাছে জমির ওয়ারিশদের দাবি, আদালতের রায় ও বৈধ কাগজপত্রের ভিত্তিতে তাদের জমি বুঝিয়ে দেওয়া হোক এবং তারা যেন নির্বিঘ্নে সেখানে যেতে ও ভোগদখল করতে পারেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডেকে কথা বলা হয়েছিল। এরপরও এক পক্ষ এসে বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় এসে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

প্রধান খবর

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

আসছে...