চট্টগ্রাম নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে কান্তা শর্মা নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কান্তা শর্মা আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে।
খুলশী থানার ওসি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।



