পরীক্ষামূলক সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযান, অটোরিকশায় মিলল প্রায় ৬৩ লাখ টাকার ইয়াবা আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবাসহ মনির আহম্মেদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। বিজিবির হিসাবে, জব্দ করা ইয়াবা ও অটোরিকশার মোট সিজার মূল্য ৬৩ লাখ ৮৫ হাজার টাকা।

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর জিপি গেটের সামনে এ অভিযান চালানো হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) ১১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানানো হয়।

আটক মনির আহম্মেদ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।

১১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর দপ্তরের ১ নম্বর জিপি গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে সবুজ রঙের ২০০ পিস এবং হলুদ রঙের ১৯ হাজার ৭৫০ পিসসহ মোট ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা। ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশার মূল্য চার লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য ৬৩ লাখ ৮৫ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সেগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

প্রধান খবর

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

আসছে...