অল ক্রাইমস. টিভি ডেস্ক
বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও খাদ্যপণ্যের দামও বৃদ্ধি পায়, যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে ওঠে। তাই বিশ্বের ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করলেও জনগণের স্বার্থে বাংলাদেশ তা করেনি। এই কারণে সরকার প্রতিদিন জ্বালানি খাতে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
অনিন্দ্য ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগে তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মার্চ মাসে যেখানে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা থাকে, সেখানে ঈদের আগে প্রতিদিন ২৪ থেকে ২৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে এপ্রিল মাস পর্যন্ত জ্বালানি চাহিদা নিশ্চিত করা হয়েছে এবং আগামী ৯০ দিনের মজুত নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। এছাড়া হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি পাওয়াকে সরকারের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেন প্রতিমন্ত্রী।
আলোচনা শেষে অনিন্দ্য ইসলাম ১৫৩ জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে ৪ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন-অর-রশিদ, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



