পরীক্ষামূলক সংস্করণ

‘ভালো খেলিনি, এটাই বাস্তব’ – আর্জেন্টিনার কোচ স্কালোনির মন্তব্য

অল ক্রাইমস. টিভি ডেস্ক

‘ম্যাচটা আমরা ভালো খেলিনি এবং এটাই বাস্তব।’
ফিফা র‌্যাঙ্কিংয়ে একশো পঁয়নব্বইতম দল মৌরিতানিয়ার বিপক্ষে দুই-এক গোলের জয়ের পর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির প্রতিক্রিয়া। আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ অবশ্য হাঁপ ছেড়ে বেঁচেছেন। চার মিনিটে গোল হজম করার পর মার্তিনেজ সামনে টেনে আনেন কিছুদিন আগে বাতিল হওয়া ফাইনালিসিমাকে। ভাগ্যিস, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্পেনের বিপক্ষে এই ম্যাচ শেষ পর্যন্ত বাতিল করে দেয় উয়েফা। নইলে সেই ম্যাচে ‘এমন খেললে তো হারতে হত’—মতামত মার্তিনেজের।

এই ম্যাচে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন স্কালোনি। লিওনেল মেসি ও রদ্রিগো দি পলকে খেলান বিরতির পর। শুধু তা-ই নয়, দ্বিতীয়ার্ধে আরও কিছু বদলি করেন। মেসিকে খেলান আক্রমণাত্মক ভাগে একদম সামনে। বিশ্বকাপ সামনে রেখে সম্ভবত এসব পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা দল ম্যাচে ভালো খেলেনি এবং মৌরিতানিয়ার সঙ্গে নিজেদের শক্তির পার্থক্যটা বোঝাতে পেরেছে সামান্যই।

জয়ের পর স্কালোনি তাই বলেন, ‘সব সময়ের মতো (এই ম্যাচ থেকেও) অনেক কিছু ঠিক করার আছে। তবে ভুলগুলো এখনই হওয়া ভালো… মাঝে মাঝে আমরা যখন নতুন কিছু করার চেষ্টা করি, তখন দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দল ভালো খেলেনি। এটা মানতে হবে এবং কিছু বিষয় ঠিক করতে হবে।’

মেসিকে বিরতির পর নামানো নিয়ে স্কালোনির ব্যাখ্যা, ‘মেসির খেলার সময় নিয়ে তাঁর সঙ্গে আগেই কথা হয়েছিল, সেই পরিকল্পনা অনুযায়ীই তাঁকে খেলানো হয়েছে।’

ম্যাচে আর্জেন্টিনা ছেষট্টি শতাংশ বল দখলে রেখেছিল। মৌরিতানিয়া ছত্রিশ শতাংশ বল দখলে রাখলেও শুধু দ্বিতীয়ার্ধে সেটা ছিল বিয়াল্লিশ শতাংশ। মৌরিতানিয়ার এগারো শটের বিপরীতে মাত্র সাতটি শট নিতে পেরেছে আর্জেন্টিনা। এর মধ্যে দ্বিতীয়ার্ধেই আটটি শট নিয়েছে আফ্রিকার দলটি, আর্জেন্টিনা নিতে পেরেছে একটিও শট। দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ একটি সেভও করেন মার্তিনেজ।

দলের এমন পারফরম্যান্সের পর নিজেদের আত্মসমালোচনায় মার্তিনেজ বলেন, ‘সত্যি বলতে, পারফরম্যান্স খুবই দুর্বল ছিল। আমাদের খেলা প্রীতি ম্যাচগুলোর মধ্যে এটি অন্যতম বাজে ম্যাচ। আমাদের খেলায় তীব্রতা ছিল না, কোনো ছন্দ ছিল না, এমনকি গতিরও অভাব ছিল।’

মার্তিনেজ এ নিয়ে কৌতুক করতে গিয়ে টেনে আনেন ভেন্যু ঠিক না হওয়ার কারণে বাতিল হওয়া ফাইনালিসিমা ম্যাচকে, ‘ভাগ্যিস, বেঁচে গিয়েছি (ম্যাচটি বাতিল হওয়ায়)। যেভাবে খেলেছি আজ, তাতে ওই ম্যাচে নির্ঘাত হারতাম।’

প্রধান খবর

আসছে...