অল ক্রাইমস.টিভি ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, হামসহ ছয়টি রোগের টিকা আনার জন্য ৬০৪ কোটি টাকা ইউনিসেফকে দেওয়া হয়েছে। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী বলেন, “টিকা দ্রুত আনার চেষ্টা চলছে, আশা করা হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে তা দেশে পৌঁছাবে।”
সরকার ইতোমধ্যে জরুরি ভিত্তিতে আইসিইউ চালু, ভেন্টিলেটর সরবরাহ এবং বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুত করেছে। মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর মাত্র ১৮ ঘণ্টার মধ্যে আইসিইউ পুনরায় চালু করা হয়েছে। মানিকগঞ্জ ও রাজশাহীতে নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
টিকা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হবে। মন্ত্রী সতর্ক করেছেন, যেসব শিশু টিকা পায়নি তাদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে, তাই দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে।



