পরীক্ষামূলক সংস্করণ

প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

অল ক্রাইমস. টিভি ডেস্ক

খুলনায় প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার (২৬) নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে গত সোমবার সন্ধ্যায় মহানগরের জেলা পরিষদ ভবনের সামনে। খুলনা সদর থানার উপপরিদর্শক দেবব্রত বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মৌমিতা নগরীর মুন্সীপাড়ার তরুণ হালদারের কন্যা। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী ছিলেন এবং স্নাতক ২১ ব্যাচের ছাত্রা ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় মৌমিতা রিকশায় করে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌমিতা হালদারের মৃত্যুর সংবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি শিক্ষার্থীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া সহ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী, আইন স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. নাজমুস সাদাতসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।

প্রধান খবর

আসছে...