অল ক্রাইমস. টিভি ডেস্ক
চলতি বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে থেকেই মাদ্রাসা ও কারিগরি বোর্ডে একই ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। ফলে এবার মোট ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক সংস্থা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ তারিখ ধরে চূড়ান্ত সময়সূচি তৈরি করা হবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে দেওয়া দিকনির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ৭ জুন পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষামন্ত্রীর অনুমোদন মিললে চূড়ান্ত সময়সূচি প্রণয়ন করা হবে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে।



