অল ক্রাইমস. টিভি ডেস্ক
গত বছর ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করা অনীত পাড্ডা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মুখে পড়েছেন। মূলত একজন বিতর্কিত মার্কিন রাজনৈতিক বিশ্লেষককে অনুসরণ করা এবং তার বোন রীত পাড্ডার পুরনো বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনরা সমালোচনা করছেন।
ঘটনার সূত্রপাত হয় অনীতকে ইনস্টাগ্রামে ওই বিশ্লেষককে অনুসরণ করতে দেখার পর। যদিও সমালোচনার পর অনীত তাকে আনফলো করেছেন, তবে বিষয়টি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
তার বোন রীত পাড্ডার পুরনো মন্তব্য এবং সাম্প্রতিক পোস্টও বিতর্ককে আরও তীব্র করেছে। রীত কিছু সিনেমাকে প্রোপাগান্ডা বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করেছেন এবং প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়েও মন্তব্য করেছেন। নেটিজেনরা রীতের অবস্থানকে অনীতের ব্যক্তিগত চিন্তাধারার সঙ্গে মিলিয়ে দেখছেন, যদিও অনীত সরাসরি কোনো মন্তব্য করেননি।
বর্তমানে অনীত সিনেমা ‘শক্তি শালিনী’-এর শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন রণদীপ হুদা, বিশাল জেঠওয়াসহ আরও অনেকে। চলচ্চিত্রটি চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।



