অল ক্রাইমস.টিভি ডেস্ক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ যাত্রী, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আলী বারবাজারের হাসিলবাগ গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বারবাজার বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কাওসার আলীকে চাপা দেয়, পরে সড়কের পাশের একটি খাবার হোটেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।



