অল ক্রাইমস. টিভি ডেস্ক
রংপুরে জাল নোট তৈরি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২ ও র্যাব-১৩-এর যৌথ দল। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে র্যাব-১২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২-এর অধিনায়ক মোহাম্মদ আতিকুর রহমান মিয়া। গ্রেফতার রুবেল হোসেন (৩৪) রংপুরের গঙ্গাচড়া উপজেলার চেংমারী এলাকার সেকেন্দার আলীর ছেলে।
র্যাব জানায়, এর আগে গত ২৯ মার্চ একই চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রুবেলকে শনাক্ত করে গঙ্গাচড়ার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে রুবেল ও তার সহযোগীরা গোপনে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় তা আসল নোট হিসেবে বাজারে ছাড়ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।



