অল ক্রাইমস. টিভি ডেস্ক
ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় তরুণ কণ্ঠশিল্পী আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান থানার এসআই কে এম রাশিদুর রহমান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করার অনুরোধ জানান।
মামলার অভিযোগে বলা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গিটার ক্লাসের সূত্রে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, ২৭ মার্চ সন্ধ্যায় একটি পণ্যের ফটোশুটের কথা বলে জাহিদ ভুক্তভোগীকে তার গুলশানের বাসায় যেতে বলেন। সেখানে গেলে তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করা হয়। বাধা দিলে তাকে মারধর করা হয়, এতে মুখ, গলা ও মাথায় আঘাত পান বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরে তিনি সেখান থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।



