অল ক্রাইমস. টিভি ডেস্ক
দেশব্যাপী পরিবেশ সুরক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধি লক্ষ্যে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর শহরের বদরপুর এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক (এন–৭)-এ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বেলুন উড়িয়ে এবং ফলজ বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল্লাহ জানান, সড়কের দুই পাশের খালি জায়গা ও ডিভাইডারে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়ক সবুজ ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই এ কর্মসূচির মাধ্যমে ব্যাপকভাবে গাছ লাগানো এবং তা সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সড়কের পাশে লাগানো গাছের যত্ন নেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এতে পরিবেশের উন্নয়ন যেমন হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।
অনুষ্ঠানে প্রকৌশলী আসাদুজ্জামান, আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



